অবিলম্বে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে।

টানা চতুর্থ দিনের মত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচীতে আজ (বৃহস্পতিবার) আরও নতুন করে ১০ বিভাগ যোগ দিয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ, ইতিহাস বিভাগ, বাংলা বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, সরকার ও রাজনীতি বিভাগ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগ,উদ্ভিদ বিজ্ঞান বিভাগ’সহ ১৯টি বিভাগের বিভিন্ন ব্যাচে কোন ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।  

এদিকে অবিলম্বে প্রজ্ঞাপন জারি’সহ ৪ দফা দাবিতে ‘মুখে কালো কাপড় বেঁধে’মানববন্ধন করেছেবিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ বেলা ২ টা বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের অন্যান্য দাবিগুলো হলো- গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি, দেশব্যাপী সন্ত্রাসী হামলার বিচার এবং জাবিতে ধর্ষণের হুমকি দাতাদের শাস্তি নিশ্চিতকরণ।

এসময় মানববন্ধনের শিক্ষার্থীরা “ধরা যাবে না, ছোয়াঁ যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম এই কেমন স্বাধীনতা”,“সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই”,“নারী কোন খেলনা না, না ধর্ষণ কোন খেলা, ধর্ষণের হুমকি দিলেও বিচার হয় না!” ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার আহবায়ক শাকিলুজ্জামান জানান, ছাত্র সমাজের প্রাণের দাবি কোটা সংস্কার করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের আন্দোলনের এক কর্মীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে আমরা তার বিচার দাবি করছি।  

আন্দোলনে অংশগ্রহণ করা এক ছাত্রী বলেন, আমরা কি ক্যাম্পাসে নিরাপদ? আন্দোলনে অংশগ্রহণ করায় আমাদের এক বোন ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।  

এমবি