দেশে নতুন করে আরও পাঁচটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এখন আনুষ্ঠানিকতা হিসেবে আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। ঈদের আগে ২৭১টি বেসরকারি কলেজকে সরকারি করা হয়।

সরকারি করা পাঁচটি কলেজ হলো রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলেজ, দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল ডিগ্রি কলেজ, খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজ, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি কলেজ এবং বাগেরহাটের কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়ে সারসংক্ষেপটি আজকেই শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে। বিকেলের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

সরকারিকৃত কলেজশিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০১৮-এর আলোকে এ কলেজগুলো সরকারি করার সিদ্ধান্ত হয়েছে। সরকারের সিদ্ধান্ত হলো, যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজকে সরকারি করা। তারই আলোকে এ কলেজগুলো সরকারি করা হলো।

এমঅার