২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় কম নম্বর চেয়ে বেসরকারি মেডিক্যাল কলেজগুলো শিক্ষার্থী ভর্তি করানোয় প্রায় সাড়ে সাতশ’শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হচ্ছে না। ফলে সে সকল শিক্ষার্থীরা যোগ্যতা থাকা সত্ত্বেও ১ম পেশাগত পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে জানিয়েছে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের রেজিস্ট্রেশন প্রদানসহ ১ম পেশাগত পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে’আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের শিক্ষার্থী মো. শামীম আহমেদ বলেন, ভর্তি পরীক্ষায় কম নম্বর পাওয়া সত্ত্বেও বেসরকারি মেডিক্যাল কলেজগুলো ২০১৩-১৪ শিক্ষাবর্ষে বিশেষ সুবিধায় প্রায় সাড়ে সাতশ’শিক্ষার্থীকে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি করে। নম্বর কম নিয়ে শিক্ষার্থী ভর্তি করিয়ে অনিয়ম করলে সেটা কলেজ কর্তৃপক্ষ করেছে। কিন্তু রেজিস্ট্রেশন নম্বর না দিয়ে শিক্ষার্থীদের কেন সেই অনিয়মের শাস্তি দেওয়া হচ্ছে?
রেজিস্ট্রেশন নম্বর না পাওয়ায় চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত ১ম পেশাগত পরীক্ষায় সেসব শিক্ষার্থী অংশ নিতে পারেনি বলে জানান তিনি।
তিনি বলেন, আমাদেরকে কেন পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না, কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আমাদেরকে রেজিস্ট্রেশন দিতে অপারগতা প্রকাশ করেছে।
গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন জাতীয় দৈনিকে অল্প আসনে ‘বিশেষ সুবিধায়’১১০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সুযোগ উল্লেখ করে ভর্তির বিজ্ঞাপন দেয় বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলো।
শামীম আহমেদ আরো বলেন, হাইকোর্টের একটি রিট আদেশের প্রেক্ষিতে এইসব শিক্ষার্থী ভর্তি করানো হলেও পরে সরকারপক্ষের অপর একটি আপিলের কারণে সেই শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়। এই বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এই শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত হয়।
কিন্তু চলতি বছর সুপ্রিম কোর্টে সরকারপক্ষ আপিল করলে এসব শিক্ষার্থীর ভাগ্য আবারও ঝুলে যায়, যা সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে এখনও বিচারাধীন রয়েছে বলে জানান শামীম।
শিক্ষাজীবনের মাঝপথে এসে যদি আমাদেরকে রেজিস্ট্রেশন না দেওয়া হয় তাহলে আমাদের ছাত্রত্ব বাতিল হয়ে যাবে, এমনকি আমাদের আর অন্য কোথাও ভর্তির সুযোগ নেই বলে জানান শামীম আহমেদ।
সংবাদ সম্মেলনে অন্যান্য শিক্ষার্থীর মধ্যে আরও উপস্থিত ছিলেন রেজওয়ান মৃধা, মহিমা আক্তার প্রমুখ।
কেএইচ





