উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফলে টানা চতুর্থবারের মতো প্রথম হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। জিপিএ-৫ পেয়েছে এই কলেজের মোট ১২০২ শিক্ষার্থী।

কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমামুল হুদা টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চত করেছেন।

jasim 1

জানা গেছে, এবারের পরীক্ষায় এই কলেজের মোট ১২৬৩ শিক্ষার্থী অংশ নিয়েছিলো। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭৭০, বানিজ্য বিভাগের ৩৭৬ ও মানবিক বিভাগ থেকে ১১৭ শিক্ষার্থী অংশ নেয়।

এর মধ্যে বাংলা মাধ্যমে বিজ্ঞান বিভাগ থেকে ৬৪৫ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৩৫ জন, বাণিজ্য বিভাগ থেকে ৩৩৯ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৩১ জন এবং মানবিক বিভাগ থেকে ১১৭ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন।

ইংরেজী মাধ্যমে বিজ্ঞান বিভাগ থেকে ১২৪ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন ও বাণিজ্য বিভাগ থেকে ৩৭ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন।

এর আগে বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৭৮.৩৩। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন।

ঢাকা, জেইউ, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ