নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকদের বহনকারী ৩ টি মাইক্রোবাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯.৩০ ঘটিকায় শহর থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে সোনাপুর নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই চালক আহত হন।
মাইক্রোবাসে অবস্থানরত শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন বলেন , “দুর্বৃত্তরা গাড়ির গ্লাসগুলো শুধু ভাংচুর করেছে । শিক্ষকদের মধ্যে কেউ গুরুতর আহত হননি ।
এটা উদ্দেশ্য প্রনোদিতভাবে আতংক সৃষ্টি করার জন্য এরকম ঘটনা ঘটানো হয়েছে বলে আমি মনে করি” । 
তবে চালকদের সাথে কথা বলে জানা যায় গাড়িগুলোর গ্লাস ভাংচুর করার কারনে গাড়িতে অবস্থানরত হারুন এবং ফারুক নামে দুজন গাড়িচালক আহত হয়েছেন ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মুশফিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা করা হয়েছে । দুর্বৃত্তদের তো চেনা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসন কে জানানো হয়েছে তাঁরা তাঁদের মত ব্যবস্থা গ্রহণ করবেন”।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় কে কেন্দ্র করে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে রাজপথে অবস্থান নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ । 
নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ধ্রুব বলেন, “ যেকোন ধরনের নাশকতা রোধে নোবিপ্রবি ছাত্রলীগ সবসময় সজাগ রয়েছে  এবং সবসময় ক্যাম্পাস শিক্ষার্থী ও সাধারন মানুষের পাশে থাকবে” ।
জান্নাত/এমআর