সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) আমিনুল হক ভূঁইয়ার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষকদের প্রতীকী অনশন ভাঙিয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের শিক্ষকদের বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শরবত খাইয়ে অনশন ভাঙান জাফর ইকবাল।
ভিসির পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার ৯টা থেকে প্রতীকী এ অনশন কর্মসূচি শুরু করেছিলেন আন্দোলনরত শিক্ষকরা।
অনশন শেষে রবিবার বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়ে ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ সামছুল আলম বলেন, ‘আমরা আশা করছি রবিবারের মধ্যে ভিসি চলে যাবেন।’
আন্দোলনরত সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন বলেন, ‘আমরা ভিসিকে বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলাম।
ভিসি যদি আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে আমরা পরবর্তীতে আবারও আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করব। ’
ভিসিকে পদত্যাগের জন্য গত মঙ্গলবার থেকে ৩ দিনের আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষকেরা।
এদিকে, ভিসিকে অপসারণে দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আগামী শনিবারের মধ্যে ভিসিকে অপসারণ করা না হলে রবিবার থেকে ফের আন্দোলন শুরু করা হবে বলে জানান তারা।
এমকে





