বগুড়ার শাজাহানপুরে হাইস্কুলের প্রধান শিক্ষককে মারপিট করে ল্যাপটপ ছিনতাইকারী মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে অভিযান চারিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার সাজাপুর বেলপুকুর পাড়ার নুরুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হতে না পারার ক্ষোভে গত শুক্রবার মাঝিড়া বাইপাস এলাকায় রাত সাড়ে ৮ টার দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ওয়াদুদ হোসেনকে বেদম পিটিয়ে ১টি ল্যাপটপ ও ৮ হাজার ৭৫০ টাকা ছিনিয়ে নেন যুবলীগ নেতা আল আমিন।

 

এ ঘটনায় প্রধান শিক্ষক খন্দকার ওয়াদুদ হোসেন বাদী হয়ে গত রোববার যুবলীগ নেতা আল আমিনসহ অজ্ঞাতনামা আরও ২ জনের নামে শাজাহানপুর থানায় একটি মামলা করেছেন।

শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এমবি