দেশে প্রথমবারের মত আয়োজিত টেলিকম অ্যাপ্লিকেশন ডেভেলপার হ্যাকাথনে (টিএডিহ্যাক) বাংলাদেশ পর্বের চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) টিম। পুরস্কার হিসবে তারা পেয়েছেন ১ হাজার মার্কিন ডলার।
মঙ্গলবার মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের আয়োজনে রাজধানীতে রবি রিক্রিয়েশন সেন্টারে ‘১৩-১৪ জুন অনুষ্ঠিত টেলিকম অ্যাপ্লিকেশন ডেভেলপার হ্যাকাথনের (টিএডিহ্যাক)’ পুরস্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বে চুয়েট ছাড়াও আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইউএসটি), মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), ক্রিয়েটিভ ডেভেলপারস লিমিটেড, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ইউ-ল্যাব বাংলাদেশ লিমিটেডের দলগুলো অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, টিএডিহ্যাক দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেলকো অ্যাপস ডেভেলপমেন্ট হ্যাকাথন। বিশ্বজুড়ে একই সময়ে হ্যাকাথনটি অনুষ্ঠিত হয়। এ বছর ১২টি দেশের (পর্তুগাল, আর্জেন্টিনা, বাংলাদেশ, তুর্কি, ইসরায়েল, শ্রীলঙ্কা, ভারত, স্পেন, আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র) ১২শ’র বেশি প্রতিযোগী এতে অংশগ্রহণ করে।
টিএডিহ্যাকের বাংলাদেশ পর্বে মোট ৩০ জন মেধাবী অ্যাপ্লিকেশন ডেভেলপার অংশগ্রহণের সুযোগ পান। প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব শেষে ছয়টি দলের তৈরি অ্যাপ্লিকেশনগুলো বৈশ্বিক প্রতিযোগিতার জন্য পাঠানো হয়। বৈশ্বিক চ্যাম্পিয়নের পুরস্কার মূল্য ৩৫ হাজার মার্কিন ডলার।
কেএইচ





