শান্তিপূর্ণপরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় থিওলজি এন্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়।
ক্যাম্পাস সূত্রে, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টায় পর্যন্ত প্রথম শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দিনের দ্বিতীয় ও তৃতীয় শিফটে ব্যবস্যায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর দুইটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এ দুই শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রতি আসনে ‘এ’ ইউনিটে ৯ জন ও ‘সি’ ইউনিটে ২৬ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন অনুষদের ডিন এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন,‘নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা গ্রহন শুরু হয়েছে। পরীক্ষায় শিক্ষার্থীদের সন্তোষজনক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ পরীক্ষার মধ্য দিয়ে সর্বোচ্চ মেধাবীদের বাছাই করবে ইসলামী বিশ্ববিদ্যালয়।’
উল্ল্যেখ, আগামীকাল (৫ নভেম্বর) চার শিফটে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নাহিদ/এম বিল্লাহ





