রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর এএফএম রেজাউল করিম সিদ্দীকিকে হত্যার প্রতিবাদে দেশের সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে রোববার (২৪ এপ্রিল) ছাত্র ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার (২৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের অনুষ্ঠিত এক বৈঠকে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় বলে জানিয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও রোববার থেকে টানা তিনদিন ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করেন ইংরেজি বিভাগ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে সারাদেশে ছাত্র ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যারের হত্যাকাণ্ডকে ‘মুক্তমনা বা জঙ্গি’খাতে যুক্ত না করে মানব হত্যার সুষ্ঠু বিচার চাই। বিচারহীনতার সংস্কৃতি ভেঙ্গে এ হত্যাকাণ্ডকে সর্বোচ্চ প্রাধ্যান্য দিয়ে খুনিদের পাকড়াও ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে রোববার রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিবেন শিক্ষার্থীরা।
প্রফেসর ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়ে নিন্দা জানিয়েছেন রাবি ছাত্র ইউনিয়ন, রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, রাবি ছাত্র শিবির, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, উদীচী শিল্পীগোষ্ঠী রাবি সংসদ, প্রগতিশীল ছাত্রজোট এবং রাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।
ওএফ





