কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-উর রশীদ আসকারীর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ নামক স্থানে ওই হামলার ঘটনা ঘটে।
এতে তাকে বহনকারী পাজেরো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উপাচার্যের কোনো ক্ষতি হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবার রহমান জানান, উপাচার্য ঢাকা থেকে কুষ্টিয়ায় ফিরছিলেন।
রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গাড়াগঞ্জে গাছের গুঁড়ি ফেলে উপাচার্যের বহনকারী পাজেরো গাড়ি গতিরোধ করে। ওই সময় দুর্বৃত্তদের হাতে থাকা ধারালো রামদা দিয়ে গাড়িতে আঘাত করে।
প্রাণভয়ে উপাচার্যের বহনকারী গাড়ি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধাওয়া করে গাড়িটি ধরে ফেলে। তবে উপাচার্যের শারীরিক কোনো ক্ষতি করেনি দুর্বৃত্তরা। ঘটনার পর পরই পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
তবে কারা ওই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি বলেও তিনি জানান। আইনশৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবার রহমান।
এএস





