মাদ্রাসা বোর্ডেও বেড়েছে পাসের হার। এবার এ বোর্ডে পাস করেছে ৮৮ দশমিক ৫৬ শতাংশ। গত বছর এ বোর্ডের পাসের হার ছিলো ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এই বোর্ডে এবার জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে।

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ২৪৪ জন।

বুধবার সকাল ১০টায় বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সার-সংক্ষেপ তুলে দেন। এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ। যা এবার বেড়ে এ দাঁড়িয়েছে ৮২ দশমিক ৬২ শতাংশে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী। আর এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৩৬ জন শিক্ষার্থী।

এবারের পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

গত ১ এপ্রিল ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন।

এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন। এদের মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র ও ৬ লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী।

এএস