রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ছাত্রশিবির নিয়ন্ত্রিত হিসেবে পরিচিত ‘কাজী নুরুন্নবী হোস্টেল’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে একাডেমিক কাউন্সিলরের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী বলেন, দুপুরে একাডেমি কাউন্সিলের বৈঠক বসে। কলেজের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে নুরুন্নবী হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের হোস্টেল ত্যাগের সিদ্ধান্ত হয়।

একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর আড়াটার দিকে কলেজ কর্তৃপক্ষ নোটিশ দিয়ে ছাত্রদের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেয়। তবে অন্য হোস্টেলগুলো খোলা থাকবে বলে জানান উপাধ্যক্ষ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে রামেক শাখা শিবিরের সভাপতিসহ চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এরপর ছাত্রাবাসটি বন্ধ ঘোষণা করল কলেজ কর্তৃপক্ষ।

এমবি