জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গ্রীষ্মকালীন, জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে। ছুটি শেষে ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ জুন রবিবার থেকে ৩০ জুন বৃহস্পতিবার পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ বন্ধ থাকবে।
এ ছাড়া জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৩ জুলাই রবিবার থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। ছুটি শেষে বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর এবং বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাসসমূহ ১৭ জুলাই (রবিবার) হতে যথারীতি শুরু হবে।
১৯ জুন থেকে প্রশাসনিকভাবে ছুটি শুরু হলেও ১৭ ও ১৮ তারিখ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের ছুটি ১৬ তারিখ বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে। এ হিসেবে এক মাস ছুটি পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীরা বলছেন, তারা বিগত কয়েক বছরের মধ্যে এবারই বড় ধরনের ছুটি পাচ্ছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বড় ধরনের ছুটি পেলেও তারা পান না। এবারের ছুটিতে পরিবার-পরিজনদের সাথে দীর্ঘ সময় কাটাতে পারবেন তারা। এতে অনেক খুশি সবাই।
এমআইএস





