বছর ঘুরে আবারও আসতে যাচ্ছে বাঙ্গালীর প্রাণের মহোৎসবের মহেন্দ্রক্ষন পহেলা বৈশাখ। আবারও সময় আসছে পুরাতনের গ্লানি মুছে নতুন কে স্বাগত জানানোর।
বর্ষবরণ ১৪২৪ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দিনব্যাপি মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠভাবে পরিচালনার জন্য বাংলা বিভাগের প্রফেসর ড. নাজমুল হক কে আহ্বায়ক এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহাকারি অধ্যাপক আপেল মাহমুদ কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট নববর্ষ উদযাপন কমিটি ১৪২৪ গঠন করা হয়েছে।
নববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব আপেল মাহমুদ বলেন, পহেলা বৈশাখের দিনে মেলার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠনের জন্য প্রায় ২৫ থেকে ৩০ টির মত স্টল থাকবে। বরাবরের মত এবারেও আমরা মঙ্গল শোভাযাত্রাকে বেশি গুরুত্ব দিচ্ছি। শোভাযাত্রায় মাসকট হিসেবে বেশি প্রাধন্য পেয়েছে কুমির ও ময়ূর এবং বাঙ্গালীর ঐতিহ্য বহন করে এমন যাবতীয় সরঞ্জাম।
সকাল ৮টা ৩০মিনিটে মঙ্গল শোভাযাত্রা, ৯ টা ১০মিনিটে বৈশাখী মেলার উদ্বোধন, ৯ টা ১৫মিনিটে বৈশাখী আড্ডা ও আলোচনা এবং ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।
প্রফেসর ড. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নুরউননবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাইদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ফেরদৌস রহমান এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ওয়াদুদুর রহমান।
ইভান/জারিফ





