জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাশে একটি পুকুরে ডুবে জান্নাতুল ফেরদৌস (১৩) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকাল ১১টার সময় জাবি সংলগ্ন জেনারেটর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার বাবার নাম লিয়াকত হোসেন। লিয়াকত হোসেন জাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিচ্ছন্ন কর্মী।
এলাকাবাসী জানান, রবিবার সকাল ১১টার পর জান্নাতুল ফোরদৌস তার বন্ধুদের নিয়ে জাবি সংলগ্ন বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায়। এলাকাবাসী প্রায় ৩০ মিনিট চেষ্টার পর তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসে। কিছুক্ষণ পরীক্ষা করার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
জাবি মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. বীরেন্দ্র কুমার বিশ্বাস বলেন, দুপুর ১২টার সময় শিশুটিকে মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়। আমরা কিছুক্ষণ তাকে পরীক্ষা করি। কিন্তু তার জীবিত থাকার মতো কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই সোয়া ১২টায় দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
এসএইচ





