জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য বৃত্তি দেওয়া দেশের জন্য মহৎ কাজ। আজ শুক্রবার বিকেলে ঢাকা অফিসার্স ক্লাবে ঢাকা গফরগাঁও সমিতি আয়োজিত আলতাফ হোসেন গোলন্দাজ শিক্ষাবৃত্তি-২০১৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়োজকদের উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, ‘আজ ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হচ্ছে। আমি আশা করি, আপনারা তার পরিধি আরও বাড়াবেন। এবার শুনলাম ৫০ জনকে বৃত্তি দেওয়া হবে। আগামী বছর বা তার পরের বছর অন্তত ১০০ জনকে বৃত্তি দেবেন। কারণ, এই বৃত্তিটা কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট। এটা দিয়ে তারা লেখাপড়া করবে। একদিন তারা দেশের নেতৃত্ব দেবে এবং সর্বক্ষেত্রে গফরগাঁওয়ের মানুষ একটা দৃঢ় অবস্থানে থাকবে।’
জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘গফরগাঁওয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমার বাড়ি কিশোরগঞ্জে হলেও জন্মগ্রহণ করি ঢাকায় কিন্তু জীবনের বেশির ভাগ অংশই কাটে ময়মনসিংহে।
গফরগাঁও সমিতির সভাপতি ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমেদ মুনেরুছ সালেহীন, গফরগাঁও সমিতির সাধারণ সম্পাদক মো. ফসিউল্লাহ প্রমুখ।
এম আর





