শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে আগামী রোববার মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকেই বিশেষজ্ঞদের মতামত নিয়ে জানানো হবে কবে থেকে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে একটি সূত্র জানিয়েছে, করোনার সংক্রমণের হার ১০ শতাংশে নামলেই খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। রোববারের বৈঠকে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন গতকাল বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে খোলা হবে তা আগামী ৫ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। স্কুল-কলেজ খোলার পর করণীয় কী কী হবে সেসব বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে। সে ক্ষতি কিভাবে পুষিয়ে নেয়া যায় সে সংক্রান্ত আমরা কিছু পরিকল্পনা তৈরি করেছি। বৈঠকে আমরা তা উপস্থাপন করব। এসব পরিকল্পনা আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এরপর সব সিদ্ধান্ত গণমাধ্যমে জানিয়ে দেয়া হবে।





