গনতন্ত্রকে চিরস্থায়ী কবর দেয়া ও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ করা হয়েছে।

বৃহস্পাতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সম্প্রচার নীতি-২০১৪ এবং গণমাধ্যমের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন ।

রাকির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে আয়োজিত সম্প্রচার নীতিমালা বিষয়ক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ব্রাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. পিয়াস করিম, বিএফইউজে এর সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. কে.বি.এম. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমজাদ হোসেন প্রমুখ। আলোচনায় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহমান সিদ্দিকী।

বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, বিনা অপরাধে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করে নির্যাতন করা হচ্ছে। এ সরকার পাঁচ বছরে ২৪ জন সাংবাদিককে হত্যা করেছে। তারা গণতন্ত্রের কণ্ঠ রোধ করার জন্যই এই সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে।

এছাড়াও জাতীয় সম্প্রচার নীতিমালা গণতান্ত্রিক নীতি হতে পারে না উল্লেখ করে ব্রাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. পিয়াস করিম বলেন, এ সরকার একের পর এক গণমাধ্যমের উপর আঘাত করছে। বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের চেতনার মধ্যে আধিপত্যবাদ ঢুকে গেছে, যেটা আমাদের ঝেড়ে ফেলতে হবে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি ভারতের উপনিবেশ হওয়ার জন্য নয়। আমরা কারো উপনিবেশ হতে চাই না।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর