রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) ৩৫১ জন শিক্ষক।
সোমবার রাতে সাদাদলের আহবায়ক প্রফেসর শামসুল আলম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে শিক্ষকেরা এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, তিন তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক বিরোধীদলীয় নেত্রী ও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় গোটা জাতির ন্যায় আমারও স্তম্ভিত ও হতবাক। এধরনের কাপুরুষোচিত হামলা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকিস্বরুপ।
বিবৃতিতে আরো বলা হয়, এধরনের অগণতান্ত্রিক আচরণের মাধ্যমে বর্তমান আওয়ামী সরকারের ফ্যাসিবাদ চরিত্র আরেকবার জাতির সামনে উম্মোচিত হয়েছে।
আইনশৃংখলা বাহিনীর উপস্থিতিতে এধরনের হামলা ও গাড়ি ভাংচুর দেশের অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতির বহিঃপ্রকাশ। শিক্ষক নেতৃবৃন্দ অনতিবিলম্বে এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বিবৃতিতে অন্যান্যের মধ্যে স্বাক্ষর করেন, সাদা দলের আহবায়ক প্রফেসর ড. এম. শামসুল আলম সরকার, প্রফেসর এম. রফিকুল ইসলাম, প্রফেসর মামনুনুল কেরামত, প্রফেসর ড. কেএএম শাহাদৎ হোসেন মন্ডল, প্রফেসর মু. আজহার আলী, ড. আনোয়ারুল কবির ভূইয়া, ড. সাজ্জাদুর রহিম প্রমুখ।
এসএইচ





