হরতালের দিনগুলোতে ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়। আর সোমবার হরতাল থাকার কারণে এদিনের পরীক্ষা পিছিয়ে শুক্রবার নেয়া হয়েছে। ফলে আগামী রোববার অনুষ্ঠিতব্য ইংরেজি ১ম পত্র পরীক্ষার প্রস্তুতি নিতে কম সময় পাচ্ছে শিক্ষার্থীরা।
২ ফেব্রুয়ারি সোমবার বাংলা ১ম পত্র পরীক্ষা দিয়ে এবারের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হরতাল থাকায় সেটি শুক্রবার সকাল ৯টায় শুরু হবে।
বাকি দিনগুলোতে এখন পর্যন্ত হরতাল ঘোষিত না হওয়ায় সেসব দিনের পরীক্ষা যথা সময় অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এর ফলে আগামী রোববার ৮ ফেব্রুয়ারি ইংরেজি ১ম পত্রের পরীক্ষার আগে প্রস্তুতির কম সময় পাচ্ছে শিক্ষার্থীরা।
৪ ফেব্রুয়ারি বাংলা ২য় পত্র পরীক্ষার পর ৮ তারিখ ইংরেজি ১ম পত্র পরীক্ষা থাকায় তারা মোট তিন দিন ইংরেজির প্রস্তুতির সময় পাওয়ার কথা ছিল। অনেক শিক্ষার্থী সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করেছিল। কিন্তু এখন মাত্র এক দিন বন্ধ পাচ্ছে তারা।
তবে এখনও নিশ্চিত করে বলা যায় না, ওই দিন হরতাল থাকবে কিনা।
জেডআই





