জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব আবাসিক শিক্ষার্থীকে আজ বিকেল সাড়ে ৩টার মধ্যে হল না ছাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ (৬ নভেম্বর) বুধবার দুপুর ২টার দিকে হল প্রভোস্ট কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ এই তথ্য জানান।
অধ্যাপক বশির আহমেদ বলেন, “সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বিকাল সাড়ে ৫টায় মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দূর-দূরান্তের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ওই নির্দেশনা নমনীয় থাকে। ইতোমধ্যে ছাত্রীদের হল খালি হয়ে গেছে। ছাত্রহলে অনেকেই এখনও অবস্থান করছে। তাদের বেলা সাড়ে ৩টার মধ্যে হল ছাড়তে হবে। নইলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
হলসংলগ্ন খাবার দোকানগুলো বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক বশির।
এর আগে গতকাল (৫ নভেম্বর) মঙ্গলবার দুপুরে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
এরপর হল ছাড়ার সময়সীমা কয়েক দফায় পরিবর্তন করা হয়। সর্বশেষ বুধবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার মধ্যে হল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় প্রশাসন। তবে আন্দোলনকারীরা হল খালি করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তারা উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে ফের আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল বের করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনে সংহতি সমাবেশ করেন। সেখানে শিক্ষার্থীসহ গতকাল হামলার শিকার শিক্ষকরা তাদের ওপর হামলার বর্ণনা দেন।
এমবি





