‘ক্ষমতার ভারসাম্য: গণমাধ্যম, ন্যায়বিচার ও আইনের শাসন’এই স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কবি হেয়াত মামুদ ভবনের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে অনিয়ম, দুর্নীতি হচ্ছে এগুলো ঢেকে রাখলে চলবেনা বরং প্রকাশ করার মধ্য দিয়ে সমাধান করতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। কোন ধরনের সমস্যা সৃষ্টি হলে রাষ্ট্রকে এর সমাধান করতে হবে। রাষ্ট্র যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন  করে, মানুষকে আইনের আওতায় নিয়ে আসে তাহলে গণমাধ্যমকে বেশি কথা বলতে হয়না।”

সালমান হাফিজের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোনোয়ার, সাইফুল, ছাব্বির, মিনহাজ, শাহীন ও মামুন।

বক্তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার উদাহারণ টেনে বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমাদের দেশের সংবাদপত্রের স্বাধীনতা থাকলেও অনেক ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নেই। সাংবাদিক ও গণমাধ্যম-কর্মীরা তাদের পরিবার-পরিজন নিয়ে ঘরে-বাইরে আতঙ্কিত বলেও মন্তব্য করেন তারা।

ইভান চৌধুরী/এসএম