শনিবার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা ও তার স্বামীর হামলায় প্রধান শিক্ষক আহত হয়েছেন। আহত প্রধান শিক্ষক মোখলেছুর রহমানকে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের গজারিয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ  ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ হামলার ঘটনায় গজারিয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন আক্তার (২৮) ও তার স্বামী সাইদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করেছেন আহত মোখলেছুর রহমান।
মামলার এজাহারে জানা যায়, শিক্ষিকা শিরিন আক্তার নিয়মিত বিদ্যালয়ে আসেন না।  শনিবারও বিদ্যালয়ে আসেন দুপুর আড়াইটায়। বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে হাজিরা দিতে গিয়ে দেখেন হাজিরা খাতায় তাকে অনুপস্থিত দেয়া হয়েছে।
এ সময় প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ঐ শিক্ষিকাকে বিদ্যালয়ে দেরিতে আসার কারণ জানতে চান। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে শিক্ষিকা তার স্বামী সাইদুর রহমানকে খবর দিয়ে আনেন।
মামলায় আরও বলা হয়, সাইদুর রহমান একটি দা নিয়ে বিদ্যালয়ে আসেন। এরপর শিক্ষিকা শিরিন ও তার স্বামী সাইদুর প্রধান শিক্ষককে মাথা ও কপালে কুপিয়ে জখম করেন।
পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এসআর