পোশাক কারখানা দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া শ্রমিকদের ‘টেকসই’ চিকিৎসাসেবা দিতে ‘প্রস্থেটিস্ট ও অর্থোটিস্ট’ বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু করেছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)।
এবছরের জানুয়ারিতে বাংলাদেশে প্রথমবারের চালু হওয়া এই কোর্সে প্রতিবছর ১০জন করে শিক্ষার্থীর ভর্তি সুযোগ থাকছে বলে জানিয়েছেন সিআরপি’র ‘প্রস্থেটিক্স এবং অর্থোটিক্স’ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসি।
তিনি বলেন “শিক্ষার্থীরা এখানে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পাবে”।
‘প্রস্থেটিক্স ও অর্থোটিক্স’ চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন কারণে শারীরিক প্রতিবন্ধিত্বের শিকার ব্যক্তিদের শরীরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অঙ্গ সংযোজন করা হয়।
জান্নাতুল ফেরদৌসি বলেন, “অনেক বছর আগেই সিআরপি আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এবং বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনিস্টিটিউটকে (বিএইচপিআই) এই প্রশিক্ষণ কোর্সটি চালু ও এতে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ করে।
“তবে রানা প্লাজার ঘটনায় কোর্সটি চালু হবার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে।”
নতুন চালু হওয়া ৪ বছরের এই কোর্সে শিক্ষার্থীদের ডিপ্লোমা সার্টিফিকেট পেতে ৩ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষার পরে এক বছর শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ করতে হবে।
তবে এতে প্রশিক্ষণপ্রাপ্তরা পোশাক কারখানায় অঙ্গ হারানোদের পাশাপাশি অন্যদেরও চিকিৎসা দিতে পারবেন। প্রথম ব্যাচের শিক্ষার্থীদের কোর্সে শেষে সিআরপিতে কাজে যোগ দেবার সুযোগও রয়েছে।
আইসিআরসি’র ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন প্রোজেক্ট ম্যানেজার গার্ড ভ্যান ডে ভ্যালডে বলেন, “জার্মান সংস্থা জেআইজেড মূলত এ কোর্সেটি পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ দেবে। এছাড়াও বিজিএমইএ কিছু অর্থ দিয়েছে।”
এ কোর্সটির কারিকুলাম তৈরি, দক্ষ শিক্ষকদের দিয়ে প্রশিক্ষন দেবার ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা দেবে আইসিআরসি। কেউ দুর্ঘটনায় শারীরিকভাবে অক্ষম হলে বা অঙ্গহানি হলে তার অনেকক্ষেত্রেই সারাজীবন চিকিৎসা সহায়তার দরকার হয়।”
‘প্রস্থেটিক্স ও অর্থোটিক্স’ কোর্স চালু করায় পঙ্গু রোগীদের সংযোজনকৃত অঙ্গ অনায়াসে ব্যবহারের জন্য দক্ষ প্রশিক্ষকও তৈরি হবে।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
শিক্ষা
পঙ্গুদের টেকসই চিকিৎসাসেবা দিতে সিআরপি’র নতুন কোর্স
পোশাক কারখানা দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া শ্রমিকদের ‘টেকসই’ চিকিৎসাসেবা দিতে ‘প্রস্থেটিস্ট ও অর্থোটিস্ট’ বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু করেছে





