রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শনিবার থেকে বন্ধ ঘোষণা করায় হল ছাড়ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শুক্রবার সকাল ৭টা থেকেই হল ত্যাগ করতে থাকেন।
এর আগে বৃহস্পতিবার পুলিশ-ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের ঘটনায় রুয়েট কর্তৃপক্ষ সকাল ১০টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।
রুয়েট শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হঠাৎ হল বন্ধের সিদ্ধান্তের কারণে আবাসিক শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে দূরের শিক্ষার্থীদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।
তারা বলেন, এমনিতেই আমাদের কোর্স ৩-৪ মাস পিছিয়ে আছে। এ সময় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করায় আমাদের কোর্স আরও পিছিয়ে যাচ্ছে। ফলে আমারা সেশন জটের আশঙ্কায় রয়েছি।
ক্যাম্পাসের বর্তমান অবস্থা জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ক্যাম্পাসের প্রধান ফটক ও শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ক্যাম্পাসের পরিস্থিতি বৃহস্পতিবার রাত থেকেই শান্ত রয়েছে বলেও জানান ওসি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার জামায়াতের হরতাল থাকায় রুয়েটের এক সেমিনারে বাধা দিতে গেলে রুয়েট শাখা শিবিরের সেক্রেটারিসহ দুই নেতাকে আটক এবং পরে শহীদ লে. সেলিম হলে তল্লাশি চালিয়ে আরও ১০ কর্মীকে আটক করে পুলিশ।
এরপর ক্যাম্পাসে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে শিবিরকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ অস্থিতিশীল পরিস্থিতির জন্য রুয়েটের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





