রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৪-১৫ অর্থবছরের ৩৮ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন হয়েছে। গতকাল শনিবার উপাচার্যের সম্মেলন কেন্দ্রে সকল সিন্ডিকেট সদস্যর উপস্থিতিতে  সিন্ডিকেটের ৬৫ তম সভায় এ বাজেট অনুমোদিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা। একই সভায় ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদিত হয়। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. হযরত আলী।

এবারের বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) সরকারি অনুদান হিসাবে ৩৫ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বাকি ২ কোটি ৭০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্র থেকে আয় ধার্য করা হয়েছে।

উক্ত বাজেটের বেতন ভাতাদি খাতে ২৮ কোটি ৮০ লাখ টাকা,পেনশন খাতে ২ কোটি টাকা, কন্টিনজেন্সি খাতে ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। কন্টিনজেন্সি ব্যয়ের মধ্যে সাধারণ আনুষাঙ্গিক খাতে ৪ কোটি ৩০ লাখ টাকা,শিক্ষা আনুষঙ্গিক খাতে ২ কোটি ২০ লাখ টাকা,মেরামত ও সংরক্ষণ ও পূর্ণবাসন খাতে ৭০ লাখ টাকা ও সম্পদ সংগ্রহ বা ক্রয় খাতে ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা অনুমোদিত বাজেটের উপর বক্তব্যে বলেন,বাজেটে সরকারের নিয়মনীতি সমুন্নত রেখে এবং সীমিত সম্পদের সদ্ব্যবহার করে একাডেমিক উন্নয়নে শিক্ষা,আনুষঙ্গিক ও ছাত্র সহায়ক তহবিলের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া অপচয় রোধ এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ