গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি খোন্দকার নাসির উদ্দিনের কুশপুত্তলিকা দাহন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

ভিসির অপসারণ ও আন্দেলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে এই কর্মসূচী পালন করে তারা। এসময় ক্যাম্পাসে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে স্থাপিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ম্যুরালের সামনে ভিসির কুশপুত্তলিকা দাহনের এ প্রতিবাদী কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকা থেকে মোমবাতি হাতে মৌন মিছিল বের করে তার। মিছিলটি ম্যুরালে সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।  

সমাবেশে শামিমুল ইসলাম সুমনের সঞ্চালনায় আইন বিভাগের শিক্ষার্থী মমিনুর রহমান, তৌফিক আহমেদ, ইইই বিভাগের আরিফুর রহমান ও বাংলা বিভাগের জিকে সাদিক বক্তব্য রাখেন।

বক্তব্যে বক্তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে সেখানে শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে জ্ঞান চর্চা করবে। স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করবে। কিন্তু বশেমুরবিপ্রবি’র এই ভিসি বিশ্ববিদ্যালয়টিকে একটি কারাগার বানিয়ে রেখেছে। যেখানে কথায় কথায় শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, গোবর বাণিজ্য, নারী কেলেঙ্কারীসহ শত দুর্নীতির অভিযোগ থাকলেও কেউ তার প্রতিবাদ করতে পারেনা। এরকম একজন ব্যক্তি ভিসির মত একটি গুরুত্বপূর্ণ পদে থাকার যোগ্য নয়।

এসময় তারা সাংবাদিক ফাতিম তুজ জিনিয়ার বহিষ্কারাদেশ ও শামস জেবিনসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ভিসির দলীয় বাহীনি দিয়ে হামলার তীব্র নিন্দা জানান। সেইসাথে শিক্ষার্থীদের ভিসি অপসারণ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মুনজুরুল/এমবি