বিনা অনুমতিতে বিদেশ গমনের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক ড. রইছ উদ্দীনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ড. রইছ উদ্দীনকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদাবনতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৬২তম সিন্ডিকেট সভায় বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ড. রইছ উদ্দীনকে সহযোগী অধ্যাপকে পদাবনতি দেওয়া হয়েছে। আগামী ৫ বছর তিনি কোনো পদোন্নতি পাবেন না। এ ছাড়াও ১০ বছর প্রশাসনিক কোনো কাজের দায়িত্বও পাবেন না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ড. রইছ উদ্দীন যে অপরাধ করেছেন, তাতে তার চাকরি চলে যাওয়ার কথা। কিন্তু মানবিক কারণ বিবেচনা করে তার বিরুদ্ধে পদাবনতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে ড. রইছ উদ্দীনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এএইচ[/b]