রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে আজ (রোববার) সকাল থেকে জড়ো হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী। মোট ১২টি বেদখল হওয়া হল পুনরুদ্ধারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী প্রথমে ক্যাম্পাসে জড়ো হন। সেখান থেকে তারা বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া শহীদ আজমল হল আজকের মধ্যেই পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত আসলে বিপরীত দিক থেকে পুলিশ ব্যারিকেড দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা পুলিশের মুখোমুখি রাস্তায় অবস্থান করছেন। 
পরিস্থিতি সামাল দিতে সেখানে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে, শিক্ষার্থীরও রাস্তা থেকে সরে যাবে না বলে স্লোগান দিচ্ছেন। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে হল পুনরুদ্ধারের কথাও জানান আ্ন্দোলনকারী শিক্ষার্থীরা। 
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ পুরান ঢাকার বিভিন্ন স্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২টি আবাসিক হল বছরের পর বছর বেদখল করে রেখেছেন আওয়ামী লীগ নেতা হাজী সেলিম এমপিসহ স্থানীয় প্রভাবশালীরা।
এসব বেদখল হওয়া হল পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানান শিক্ষার্থীরা। তারা সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপেরও দাবি জানান।
[b]ঢাকা, ০২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]