কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক কাউন্সিলের (এসি) অধিকাংশ শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার ধর্মতত্ত্ব অনুষদের ডিনের সভাকক্ষে আয়োজিত একাডেমিক কাউন্সিলের জ্যেষ্ঠ অধ্যাপকদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় ক্লাস- পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।
ইবি সূত্র মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেধে দেয়া ২৪ ঘণ্টা সময়সীমার মধ্যে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার শিক্ষকদের দাবি মেনে নেয়নি। একাডেমিক কাউন্সিলের অধিকাংশ জ্যেষ্ঠ অধ্যাপকদের দাবি মেনে না নেয়ায় আগামীকাল (বুধবার) থেকে ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক সকল কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ডিনের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় একাডেমিক কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্যরা এ কর্মসূচি ঘোষণা করেন।
সভায় অধ্যাপক ড. তাহের আহমেদ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আলীনুর রহমান, অধ্যাপক ড. এম এয়াকুব আলী, অধ্যাপক ড. শহিদুল ইসলাম নূরী, অধ্যাপক ড. মো. নজিবুল হক, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শহীদ মো. রেজওয়ান, অধ্যাপক ড. ইকবাল হোছাইন, অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম, ড. মোস্তাফিজুর রহমান ও ড. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপস্থিত শিক্ষকরা বলেন- ‘একাডেমিক কাউন্সিলের বৈঠকে উপাচার্যের একপেষে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু তারা শিক্ষকদের দাবি মেনে না নিয়ে বেআইনিভাবে এসির সিদ্ধান্ত বৈধ করার পায়তাঁরা করছে। শিক্ষকদের দাবি পুরণ না করার আগামীকাল বুধবার ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে। এরপরেও দাবি মেনে না নিলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা জানান।
গত রোববার বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। বৈঠকে অধিকাংশ সদস্যদের মতামত উপেক্ষা করে উপাচার্য ১৬টি নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত চাপিয়ে দেন। এর প্রতিবাদে সোমবার দুপুর ১টায় ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সঙ্গে দেখা করতে বিক্ষুব্ধ শিক্ষকরা তার কার্যালয়ে যান।
এ সময় শিক্ষকরা রোববার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১০৫তম বৈঠকের ২নং প্রস্তাব বাতিলের জন্য ভিসির কাছে দাবি জানান। আধা ঘণ্টা ধরে চলা বৈঠক থেকে কোন সমঝোতা না হওয়ায় শিক্ষকরা বিতর্কিত সিদ্ধান্ত বাতিলের জন্য উপাচার্যকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে উপাচার্য কার্যালয় ত্যাগ করেন। মঙ্গলবার দুপুর ২টার সময় শিক্ষকদের দেয়া আল্টিমেটাম শেষ হয়।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ

[/b]