বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীর ওপর ব্রজমোহন কলেজের ছাত্রদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা জানান যে, ১৫ ই জানুয়ারি বুধবার দিবাগত রাত আনুমানিক ০৯ টার দিকে ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক পরিষদ মঞ্চের সামনে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস ও আলিসা মুনতাজের হামলার শিকার হন। আহতদের অভিযোগ হামলাকারীরা বিএম কলেজের শিক্ষার্থী ছিলো।

এছাড়াও মঙ্গলবার হামলাকারীদের বিরুদ্ধে বিএম কলেজ প্রশাসনের কাছে বিচারের আবেদন জানাতে গেলে তাদেরকে হয়রানি করা হয় বলে অভিযোগ জানিয়েছেন বিচারের দাবিতে স্মারকলিপি দিতে যাওয়া শিক্ষার্থীরা।এ সময় বি এম কলেজের এক শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে বি এম কলেজে প্রবেশ করতে দেয়া হবে না। আগেও তাদের বের করে দিয়েছি, ভবিষ্যতেও তাদের বের করে দেয়া হবে।

অন্যদিকে হামলার স্বীকার হওয়া সুজয় বিশ্বাসের সাথে কথা বলে জানা যায়, তারা বন্ধুরা মিলে প্রায়ই আড্ডা দিতো এবং হামলার দিন তারা তাদের দলের সাংগঠনিক আলোচনার জন্য ওইদিকে অবস্থান করছিলো। হামলাকারীরা ও আহতরা আগে থেকেই একে অপরকে মুখচেনা চিনতো।

হামলাকারীদের একজন আরিফুর রহমান লিয়ন বলে চিহ্নিত করতে পেরেছে। হামলা করার কারন কি হতে পারে এমন প্রশ্নের উত্তরে সুজয় বিশ্বাস জানান, রাজনৈতিক পরিচয়ে মতাদর্শের ভিন্নতা ও হামলাকারী মাদকাসক্তি কারন হতে পারে জানান। এছাড়া হামলাকারীরা তাদের আটকে তাদের থেকে টাকা দাবি করার কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য সুজয় বিশ্বাস সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও আলিসা মুনতাজ মুন সাধারন সম্পাদক।

অন্যদিকে হামলার অভিযোগে অভিযুক্ত আরিফুর রহমান লিয়নের সাথে যোগাযোগ করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিক্ষোভ সমাবেশটি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের আলীম সালেহী, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম জামান, হিসাববিজ্ঞান বিভাগের রাকিব হাওলাদার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের হৃদয় বিশ্বাস সহ অনেকে।

সভায় বক্তারা হামলার সাথে জড়িত থাকা সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। এসময় যথাযথ পদক্ষেপ নেবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও অনুরোধ জানানো হয়েছে।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শেষ করে।

ইমন/এএস