ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে আগের রাতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেও রেজিস্ট্রারের অব্যাহতির দাবিতে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষাথীরা।
আন্দোলনকারীদের মুখপাত্র কামরুন নাহার ডানা বলেন, শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে বৃহস্পতিবার রাতে অনশনকারীরা অনশন স্থগিত করেন কিন্তু তখন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে জানান তিনি।
ডানা আরও বলেন, ‘রেজিস্ট্রার তার পদে থাকবেন কি থাকবেন না এই বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এখনো কোন পাবলিক অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি। আমরা বলেছিলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে রেজিস্ট্রার তার পদে থাকতে পারবেন না।’
রেজিস্ট্রার মুহাম্মদ সাহুল আফজালের অধীনে কোনো পরীক্ষা দেবে না বলে ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দু’টি কোর্সের পরীক্ষা হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা তাতে অংশ না নেয়ার কথা জানিয়েছেন।
উল্লেখ্য, আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদ রোববার রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মারধর করার অভিযোগ তোলেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
এমবি





