জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে (রাজীব মীর) সাময়িক বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিভাগের একজন ছাত্রীর দেয়া অভিযোগের প্রেক্ষিতে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হলো।
এছাড়া তার বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।
এর আগে রাজীব মীর, বর্ণনা ভৌমিক ও প্রিয়াঙ্কা স্বর্ণকার নামে দুই নারী শিক্ষককে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।
তখন বিশ্ববিদ্যালয়ের ভিসি মীজানুর রহমান বলেছেন, অভিযোগকারী ছাত্রী অভিযোগে বলেছেন, শিক্ষক রাজীব মীর তাকে হুমকি দিয়ে বলেছিলেন, তার (রাজীব মীর) কথা না শুনলে ওই দুই নারী শিক্ষকও ওই ছাত্রীকে পরীক্ষায় কম নম্বর দেবেন। অভিযোগকারী ছাত্রীদের শিক্ষাজীবনের কথা ভেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ওই ছাত্রীসহ অভিযোগকারী ছাত্রীরা তিন থেকে চার পৃষ্ঠায় নানা অভিযোগের কথা লিখেছেন। কিছু কথোপকথনের রেকর্ডও উপাচার্য কার্যালয়ে জমা দিয়েছেন। এগুলো তদন্ত কমিটির কাছে দেয়া হয়েছে।
এমআইএস





