রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদে প্রথমবারের মতো ডিনস্ অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ার আগ্রহ সৃষ্টি করতে এ অ্যাওয়ার্ড চালু করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কলা অনুষদের ডিন অধ্যাপক এফ এম এ এইচ তাকী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এইচ তাকী বলেন, ‘একটি নীতিমালা প্রণয়ন করে তা অনুষদ সভায় অনুমোদন করে আমরা ২০১৮ সাল থেকে কলা অনুষদ ডিনস্ অ্যাওয়ার্ড চালু করেছি। ২০১৬ সালের বিএ/বিপিএ অনার্স পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা এ অ্যাওয়ার্ড পাবেন। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি আগামী ১৬ এপ্রিল বিকেল ৩টায় ডিনস্ কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।’

কলা অনুষদের ডিন আরও বলেন, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

রাবির কলা অনুষদের বিভিন্ন বিভাগ থেকে এ বছর অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, সীমা খাতুন (দর্শন), সৈয়দ নাঈমুর রহমান সোহেল (ইতিহাস), ইরতিফা হাসান (ইংরেজি), মঞ্জু রাণী দাস (বাংলা), জান্নাতী কাওনাইন কেয়া (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), আবুল ফুতুহ (আরবী), আশরাফুল ইসলাম (ইসলামিক স্টাডিজ), জয়শ্রী পাল (সঙ্গীত), জিনত আরা গুলশানা মার্জিয়া (নাট্যকলা), কবিতা আক্তার (ফারসি ভাষা ও সাহিত্য), নাজরীনা আক্তার (সংস্কৃত), নূর মোহাম্মদ (উর্দু)।

রাশেদুল আলম/এসএম