খোলার মাত্র একদিন পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন। তবে অবরোধ চলার কারণে প্রয়োজনীয় যানবাহন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
ইবি উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার জানান, শুক্রবার রাতে তার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ২২৭তম সিন্ডকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
অবরোধের কারণে উদ্ভুত পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে অনিবার্যকারণবশত অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে বলে জানান তিনি।
সূত্র জানায়, বুধবার ও বৃহস্পতিবার অবরোধের সর্মথনে বিশ্ববিদ্যালয় গেটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মিছিল করে। এ সময় তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। শুক্রবার বন্ধের দিন বিকালে ছাত্রশিবিরের বিপুল পরিমাণ শিক্ষার্থী হলে প্রবেশ করে, এমন খবরে ইবি প্রশাসন বৈঠকে বসে। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।
গেল বছর ৩০ নভেম্বর ক্যাম্পাসে বাস চাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ওইদিন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়।
চলতি বছরের ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খোলার পর মাত্র একদিন পর আবারও ক্যাম্পাস বন্ধ করা হল।
কেএইচ





