ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তির আবেদন ১৩ সেপ্টেম্বর শুরু হবে। ১৫ অক্টোবর পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ।
এ বছর ৫০ টাকা ফরমের মূল্যবৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ভর্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভর্তি ফরমের মূল্য এ বছর ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। গত বছর প্রত্যেক ইউনিটের ভর্তি ফরমের মূল্য ৪০০ থাকলেও এ বছর তা বৃদ্ধি করে ৪৫০ টাকা করা হয়েছে।
এ ছাড়াও ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে সব অনুষদের ডীন, বিভাগীয় সভাপতি, ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল লতিফ বলেন, ভর্তি কমিটির সভায় ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে ও টেলিটক সিমে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন ফরম পূরণ করা যাবে।
আবেদন ফরমের মূল্যবৃদ্ধির কারণ জানতে চাইলে তিনি বলেন, দ্রব্যমূল্যের বিষয়টি বিবেচনা করে সভায় উপস্থিত সবার সিদ্ধান্ত মোতাবেক এটি করা হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) বিস্তারিত তথ্য জানা যাবে।
কেএইচ





