জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৭ থেকে কমিয়ে ৬৫ বছর করা হল। শুক্রবার বিকাল সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে অনুষ্ঠিত সিনেটের জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাবি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন,গত ৩ মে ২০১৪ তারিখে শিক্ষকদের অবসরের বয়স ৬৭ করার যে সিদ্ধান্ত নেয়া হয়, আজকের সিনেটে সেটা বাতিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী শিক্ষকদের অবসরের বয়স আগের মত ৬৫-ই থাকল।
এর আগে শিক্ষক সমিতির সঙ্গে সমঝোতার পর সিনেটের জরুরি অধিবেশন শুরু হয়। অধিবেশনে ৬০ জন সিনেট সদস্য অংশগ্রহণ করেন বলে জানা গেছে।
এদিকে, এ পর্যন্ত মোট ১১ জন অধ্যাপক অবসরপূর্ব ছুটিতে আছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কিন্তু এই শিক্ষকরা ঠিক কীভাবে অবসরে যাবেন সে বিষয়ে সিনেটে কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত আসে নি।
তবে এই ১১ জন শিক্ষকের সম্মানজনক অবসরের বিষয়ে শিক্ষক সমিতির সঙ্গে আলোচনা করে প্রশাসন সিদ্ধান্ত নেবে মর্মে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন।
আগামী ৫ আগস্ট শিক্ষক সমিতির সাধারণ সভা হবার কথা রয়েছে। সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।





