জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, ডিগ্রি ও মাস্টার্সের পরীক্ষার সময় ৪ ঘণ্টার পরিবর্তে কমিয়ে ৩:৩০ মিনিট করা হয়েছে। আর এই ঘটনায় বেঁকে বসেছে শিক্ষার্থীরা। তার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
আজ (বৃহস্পতিবার) দুপুর ১২ টা থকে ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এসময় তারা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত পরীক্ষার সময় কমানোর সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের আহবান করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ" ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন সাদ্দাম হোসেন, নবীনা, শামিম, মুক্তাও আব্দুর রাজ্জাক,সাগরসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সাদ্দাম হোসেন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় চার ঘণ্টার পরিবর্তে সাড়ে তিন ঘণ্টা পরিক্ষার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অবিলম্বে বাতিল না করলে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন করতে বাধ্য হব।
তিনি আরও বলেন, যদি এ সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় তাহলে প্রতিটি কলেজের মূল ফটকে তালা লাগানো হবে।
মানববন্ধনে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, সরকারী বাঙলা কলেজ ও বদরুন্নেসা কলেজসহ ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

দাবি মানা না হলে আগামী ১৭ই আগষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করা হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।
এর প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। ফেসবুক ইভেন্টের মাধ্যমে এই আল্টিমেটাম দেওয়া হয়। তাঁদের দাবি, 'এখন যেহেতু ক্রেডিট চার-ই আছে সুতরাং প্রশ্নের প্যাটার্ন ও চেঞ্জ হবে না।' ফেসবুকের মাধ্যমে এই দাবির পক্ষে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার শিক্ষার্থী একাত্মতা প্রকাশ করেছে।

ইভেন্টে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অযোক্তিক সিদ্ধান্তের পরিবর্তন না করলে আগামী ১৭ আগস্ট তারিখে সকল কলেজের ক্লাস বর্জন সহ স্ব স্ব কলেজে মানববন্ধন এর আহ্বান জানানো হয়েছে। প্রতিটি কলেজকে আমাদের এই নির্দেশ মানার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। মনে রাখবেন আজকের এই অযৌক্তিক সিদ্ধান্ত মেনে নিলে সামনে হয়তো আরো খারাপ কিছু অপেক্ষা করবে। আপুদের উদ্দেশে জানাচ্ছি আপানারাও আমাদের সাথে যুক্ত হোন।'
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৩তম একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এমবিএইচ/এমই





