জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে কুমিল্লা পর্যন্ত পরীক্ষামূলক ভাবে বাস চালু করতে যাচ্ছে জবি প্রশাসন। এর ফলে কুমিল্লা থেকে এসে ক্লাস করতে পারবে জবি শিক্ষার্থীরা। এ তথ্য নিশ্চিত করেছেন জবির পরিবহন প্রশাসক আবদুল্লাহ্-আল-মাসুদ। 

পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে কুমিল্লা সদর পর্যন্ত খুব শীঘ্রই বাস চলাচল শুরু করবে।

সম্প্রতি জবির পরিবহন পুলে যুক্ত হয়েছে নতুন ১০ টি বাস এবং সংস্কার কাজ করা হয়েছে আরো ২টি বাসের।। জবির নতুন ১০টি ও ২টি সংস্কারকৃত বাস বিআরটিসি বাসগুলোর সাথে একই রুটে চলাচল করবে। এছাড়া নতুন আরো তিনটি রুটে বাস চালু হচ্ছে। সেগুলো হচ্ছে জবি-দোহার-নবাবগঞ্জ , জবি-হেমায়েতপুর ও পরীক্ষামূলকভাবে জবি-নারায়ণগঞ্জ (চাষাড়া) রুট।

এ বিষয়ে পরিবহণ প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ বলেন, ইতিমধ্যে নতুন বাস গুলোর জন্য ১৫ জন বাস চালক নিয়োগ দেয়া সম্পন্ন হয়েছে, তাদের ৩ নভেম্বর (রবিবার) থেকে কাজে যোগদান করার কথা রয়েছে এবং এই বাসগুলোর হেল্পার শীঘ্রই বাছাই সম্পন্ন হবে। এছাড়াও জবির নিজস্ব অর্থায়নে একটি দোতলা বাস খুব দ্রুতই পরিবহণ পুলে যুক্ত হবে। যার রঙ হবে সিলভার ও নীল।

আজ রবিবার বাস পরিচালনা কমিটি আনুষ্ঠানিক সভায় নতুন বাস গুলোর রুট নিয়ে আলোচনা হয়। আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করার কথা রয়েছে। এছাড়া ট্রেজারারের পদ ফাকা থাকায় অনেক প্রক্রিয়া আটকে আছে।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে ও শিক্ষার্থীদের পরিবহন সংকটের বিষয়টি মাথায় রেখে নতুন ১০টি বাস কেনার ও পুরাতন ২ টি বাস সংস্কার করার ঘোষণা দেয় জবি প্রশাসন। যা বিশ্ববিদ্যালয় বিভিন্ন রুটে যুক্ত করার পরিকল্পনার পাশাপাশি নতুন কিছু রুটে বাস চালানোর উদ্যোগ নেয়া হয়।

ফারুক/এম বিল্লাহ