১৭৮০ সালের ১ অক্টোবর পৃথিবীর ইতিহাসে প্রথম আলিয়া মাদরাসা প্রতিষ্ঠিত হয় কোলকাতায়। এই দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে “আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থা : প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক অনলাইন সেমিনার গতকাল (বুধবার) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. শামসুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এর সাবেক চেয়ারম্যান প্রফেসর মো: আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আলেমে দ্বীন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের আহবায়ক মাওলানা রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ মনিরুল ইসলাম।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক আহবায়ক আবদুছ ছবুর মাতুব্বর। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো: ইউসুফ দেশের প্রতিটি জেলাতে একটি করে সরকারি আলিয়া মাদরাসা প্রতিষ্ঠা ও মাদরাসা শিক্ষা বোর্ডকে কারিগরী শিক্ষা বোর্ড হতে সম্পূর্ণরূপে পৃথকীকরণ এবং প্রতিটি মাদরাসায় কারিগরী বিভাগ চালুর জোর দাবী পেশ করেন। বিশেষ অতিথি মাওলানা যাইনুল আবেদীন তার বক্তব্যে আলিয়া মাদরাসাকে জাতীয়করণ ও আলিয়া মাদরাসার শিক্ষকদের জন্য আলাদা প্রশিক্ষণ ইনিস্টিটিউট এবং প্রত্যেক গ্রামে একটি করে সরকারী ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠার দাবি করেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: নিজাম উদ্দিন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ অলিউল্যাহ, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুফতী মুহাম্মাদ আবু ইউছুফ খান, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ শায়খ দেলোয়ার হোসাইন আল মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রফিকুল ইসলাম, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতী ফারুক আহমেদ, দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলীসহ প্রমূখ।প্রেস বিজ্ঞপ্তি

এমবি