পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা ও প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো বাতিল করে বেতন স্কেল পুননির্ধারণের দাবিতে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকরা।

শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় করিডরে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তাঁরা।

বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারী, অধ্যাপক ড ইদ্রিস মিয়া, অধ্যাপক পরেশ চন্দ্র মোদক, অধ্যাপক ড. এ কে এম আজাদ-উদ-দৌলা প্রধান, অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।

কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের সময় শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ করা হয়। আগামী ২০ আগস্ট পর্যন্ত স্বাক্ষর অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তীতে সংগৃহীত স্বাক্ষর ফেডারেশনের মহাসচিবের নিকট হস্তান্তর করা হবে জানা যায়।

এসএইচ