ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শেষ দিনে ব্যবসায় অনুষদভুক্ত ‘জি’ইউনিটের পরীক্ষা চলার সময়ে জালিয়াতির ঘটনায় হাজিকুর রহমান নামে একজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
ভর্তি কমিটির সভাপতি ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শেষ দিনে ব্যবসায় অনুষদভুক্ত ‘জি’ইউনিটের পরীক্ষা ছিল। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোট তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে ফলিত বিজ্ঞান ও রাসায়নিক প্রযুক্তি অনুষদের ১৪০নং কক্ষ থেকে হাজিকুর রহমান (রোল নং-০৮৩১২) নামে একজন পরীক্ষার্থীকে জালিয়াতির ঘটনায় আটক করা হয়।
হাজিকুর রহমান ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসুদপায় অবলম্বন করছিল। তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক পরীক্ষার্থীর বাসা ঝিনাইদহ জেলার হাটগোপালপুর গ্রামে। তার বাবার নাম হাবিুবর রহমান ও মাতার নাম জেবুন্নাহার।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করি ভর্তি পরবর্তী কার্যক্রম অতিদ্রুত শুরু হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীদের ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।
কেএইচ





