জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

আজ (সোমবার) সকাল ১০টা থেকে জবির শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু করে।

পরে ওই মিছিলটি রায়সাহেব বাজার মোড়ে গিয়ে অবস্থান নিয়েছে। একারণে ওই অঞ্চল দিয়ে সকল ধরণের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

গতকাল রাতে শাহবাগে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের উপর পুলিশ হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।     

উল্লেখ্য, রোববার (০৮ এপ্রিল) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। পরে আন্দোলনকারীরা দুপুর আড়াইটায় ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

ফাঁকা গুলি, টিয়ারশেল ও  লাঠিচার্জ করে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান নেয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলে আসছে। ওই আন্দোলনের অংশ হিসেবে ১৪ মার্চ ৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিতে সচিবালয় অভিমুখে যেতে চাইলে পুলিশি ধরপাকড় ও আটকের শিকার হয় তিন আন্দোলনকারী। এরপর আরো বেশ কয়েকটি কর্মসূচিতে রাস্তায় নামে আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি হলো- সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।

এমবি