মালদ্বীপের নাগরিক মডেল কন্যা মেডিকেল শিক্ষার্থী রাউধা আথিফের মৃত্যুতে আজ হত্যা মামলা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকালে রাউধার বাবা আথিফ রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে রাউধার এক সহপাঠীকে আসামী করে এই মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী মো কামরুল মনির জানান, রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে করা মামলায় রাউধার সহপাঠী সীরাত পারভীনকে আসামী করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, সীরাত পারভীন কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে রাউধার ঝুলন্ত লাশ নামিয়ে আনে। আথিফের সন্দেহ সীরাতই তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে।

রাউধা আথিফ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২৯ মার্চ মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রাজশাহী মেডিকেল কলেজে মেডিকেল বোর্ড গঠন করে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, রাউধা আত্মহত্যা করেছে।

রাউধার লাশ পাওয়ার একদিন পর তার পরিবারের সদস্যরা মালদ্বীপ থেকে রাজশাহী পৌঁছান। লাশ দেখার পর মোহাম্মদ আথিফ তার মেয়ের আত্মহত্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। পরিবারের ইচ্ছা অনুযায়ী রাজশাহীতেই রাউধার লাশ দাফন করা হয়েছে।

এমবি