দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর।
রোববার ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএসের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এর আগে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল ২ অক্টোবর। তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী।
স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালকের দফতর থেকে জানা গেছে, দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৩ হাজার ১৬২টি আসন এবং ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩২৫টি আসন রয়েছে।
এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ২৮০টি আসন রয়েছে।
গত ৯ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৬১ হাজার ৬১৪ পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন। গড় পাসের হার ৬৯ দশমিক ৬০ শতাংশ।
কেএইচ





