জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘অনৈতিক কর্মকাণ্ডে’ সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেসবাহ-উল-আজম সওদাগরকে চাকরি থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় ৭২০টি আসনের বিপরীতে ৪০ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন।

এদিকে ভর্তি পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে একটি কক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন ঘোষ প্রবেশ করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

কক্ষে দায়িত্বরতদের সাথে কিছুক্ষণ কথা বলে পরীক্ষা শুরুর পর তিনি কেন্দ্র থেকে বের হয়ে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।

পরীক্ষার দিন দুপুর ১২টা থেকেই কেবল পরীক্ষার্থী ও দায়িত্বরতদের ছাড়া কাউকে ক্যাম্পাসের ভিতরেও প্রবেশ করতে দেওয়া হয়নি।

সেক্ষেত্রে একজন ছাত্রলীগ নেতার পরীক্ষা কক্ষের ভিতরে বিনা বাঁধায় প্রবেশের ঘটনায় ওই কক্ষের দায়িত্বরত শিক্ষকরাও ক্ষোভ প্রকাশ করেছিলেন।

এসএইচ