রাজধানীর ফার্মগেটে একটি আবাসিক হোটেল থেকে দিনেদুপুরে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (০২ এপ্রিল) মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে হোটেল সম্রাটের ৭তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করে তেজগাঁও থানার পুলিশ।
নিহতরা হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী মরিয়ম আক্তার জেরিন (২০) ও তেজগাঁও কলেজের ছাত্র আমিনুল ইসলাম সজল (২১)।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হোটেলটির ৭তলা থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা কীভাবে মারা গেলেন সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তদন্ত চলছে, পরে এই বিষয়ে বিস্তারিত জানানো যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সেন্টু মিয়া জানান, সুরতহাল প্রতিবেদনে মৃতদের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তাদের মৃত্যু হলো, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই সে বিষয়ে জানা যাবে।
তবে হোটেলের যে কক্ষ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে, সেখান থেকে বেশকিছু যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই।
এমবি





