বেগম রোকেয় বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নানা আয়োজনের মধ্যদিয়ে আজ মঙ্গলবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাষা আন্দোলনসহ বাংলার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী স্বাধীনতা স্মারকের পাদদেশে পূষ্পার্ঘ্য অর্পন করেন এবং তাঁদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করেন। 

সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় প্রতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে ক্যাম্পাস থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা । র‌্যালিটি নগরীর মডার্ণ মোড় হয়ে ক্যাম্পাসের স্বাধীনতা স্মারকের পাদদেশে এসে শেষ হয়। এসময় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী স্বাধীনতা স্মারকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগ, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী ।

উপাচার্য বলেন, মহান একুশ বাঙ্গালি জাতির একটি অর্জন। আর এমন অনেক অর্জন মিলেই আমাদের স্বাধীনতা। একুশের চেতনা সকলকে লালন করতে হবে।

বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের সফলতার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, দেশ অনেক এগিয়ে চলেছে। এভাবে এগিয়ে নিতে পারলে আগামী ২০৪১ সালের মধ্যেই দেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে। তবেই একুশের প্রকৃত চেতনার বাস্তবায়ন হবে। এজন্য তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

unnamed (2)_1

এছাড়া ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর উপর প্রবন্ধ ও গবেষনার উপর যে পুরষ্কার দেয়ার কথা ছিল তা পরিবর্তন করে বঙ্গবন্ধুর জন্মদিনে (জাতীয় শিশু দিবস) দেয়ার ঘোষনা দেন তিনি।

বক্তৃতা শেষে তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ে তার আর ৭২ দিন মেয়াদ আছে। মেয়াদ শেষে বিদায় নেয়ার সময় তার ব্যাক্তিগত কালেকশনের সমস্ত বই বিশ্ববিদ্যালযের কেন্দ্রীয় লাইব্রেরীতে শিক্ষার্থীদের পড়ার জন্য দিয়ে দিবেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ ফেরদৌস রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, উপাচার্যের সহধর্মিনী মিসেস গুল নাহার নবী এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামসুল হক প্রমুখ।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন প্রক্টর (চলতি দায়িত্ব) মীর তামান্না ছিদ্দিকা।

অনুষ্ঠানে বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দু’আ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম রকিব উদ্দীন আহম্মেদ।

ইভান/জারিফ