কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। তারা আজ সকাল ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ রেল লাইন অবরোধ করে রেখেছেন।
আজ (সোমবার) সকাল থেকে তারা সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।
শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বলেন, পাঁচ দফার বিষয়ে পরিষ্কার ঘোষণা না দেয়া পর্যন্ত আমরা ক্লাস করবো না। আমরা আন্দোলন চালিয়ে যাব। আশ্বাস চাই না, আমাদের দাবি মানতে হবে।
নাম প্রকাশ না করে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলছেন, বর্তমানে দেশের অধিকাংশ মানুষ কোটা পদ্ধতি সংস্কারের পক্ষে। সবার মুখে একই কথা, কোটা পদ্ধতি নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে। বর্ধিত জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে কোটা পদ্ধতির পরিবর্তন-পরিমার্জন এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। দেশের মেধাবীদের সুযোগ করে দিতে এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি রক্ষা করতে মেধাবীদের সুযোগ দেয়া আবশ্যক।
এঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীরা তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
রোববার (০৮ এপ্রিল) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। পরে আন্দোলনকারীরা দুপুর আড়াইটায় ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়।
ফাঁকা গুলি, টিয়ারশেল ও লাঠিচার্জ করে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান নেয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ।
কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলে আসছে। ওই আন্দোলনের অংশ হিসেবে ১৪ মার্চ ৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিতে সচিবালয় অভিমুখে যেতে চাইলে পুলিশি ধরপাকড় ও আটকের শিকার হয় তিন আন্দোলনকারী। এরপর আরো বেশ কয়েকটি কর্মসূচিতে রাস্তায় নামে আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি হলো- সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।
এমবি





